শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সামরিক ও বেসামরিক প্রশাসনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয়পূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিষয়ক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ বিষয়ক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা সিভিল-মিলিটারি সম্পর্ক একটি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, এই সমন্বয় রাষ্ট্রকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করে তোলে।
ড. শামছুল ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যা মুক্তিযুদ্ধের সময় থেকেই গড়ে উঠেছে। দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে বিভিন্ন জাতীয় সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সাইবার নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জও এর অন্তর্ভুক্ত। এ বাস্তবতায় সরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করা জরুরি।
উপদেষ্টা বলেন, সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর যৌথ উদ্যোগ ছাড়া টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে তোলা সম্ভব নয়। তিনি জেলা প্রশাসকদের প্রতি প্রশাসনিক দক্ষতা ও সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।
সবশেষে তিনি একটি ঐক্যবদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

