তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন ঘোষণা অনুযায়ী, ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার (৩১ জুলাই) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম শুক্রবার সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী ক্যাটাগরিভিত্তিক স্বর্ণের ভ্যাটসহ মূল্য (প্রতি ভরি/১১.৬৬৪ গ্রাম):
২২ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা
বাজুস স্পষ্ট করেছে, স্বর্ণ বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না, তবে গহনার ডিজাইনভেদে মজুরি প্রযোজ্য হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দর বলবৎ থাকবে।
এর আগে, গত মঙ্গলবার (২৮ জুলাই) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

