সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের রাজনগরে সংঘটিত আলোচিত ছিনতাই মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব জানায়,গত ৮ জুন রাত পৌঁনে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শাহজালাল বাজার এলাকায় অভিযান চালিয়ে মানিক মিয়া (৪৪) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আমিনাবাদ চা বাগানের বাসিন্দা।
মামলার তথ্য অনুযায়ী,২০২৫ সালের ১৮ নভেম্বর সকালে রাজনগরের ব্যবসায়ী মো. ইমরান মিয়া তার পিতাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলে দোকানের মালামাল কিনতে যাচ্ছিলেন। এ সময় তাদের সঙ্গে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ছিল। সকাল সাড়ে ১০টার দিকে রাজনগরের নন্দীউড়া এলাকায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে পেছন থেকে একটি নেভি-ব্লু রঙের প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
ধাক্কায় ইমরান ও তার পিতা সড়কের পাশে পড়ে গেলে গাড়ি থেকে নেমে আসা কয়েকজন দুর্বৃত্ত জিআই পাইপ দিয়ে তাদের মারধর করে। একপর্যায়ে ইমরানের পিতাকে প্রাণনাশের ভয় দেখিয়ে তার হাতে থাকা নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
এ ঘটনায় ভুক্তভোগী ইমরান মিয়া বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেন। পরে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৯ ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে।
র্যাব জানায়,গ্রেপ্তার হওয়া মানিক মিয়া উক্ত ছিনতাই মামলার তদন্তে প্রাপ্ত আসামি। পাশাপাশি তিনি রাজনগর থানার একটি প্রতারণা মামলারও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এর আগে চলতি বছরের ১১ এপ্রিল একই ছিনতাই মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছিল র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

