যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে ফের বেড়েছে কাঁচা তেলের (ক্রুড অয়েল) দাম। এই উত্তেজনার ফলে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ফিকে হয়ে আসায় আন্তর্জাতিক তেলের বাজারে এ ঊর্ধ্বমুখী প্রভাব পড়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববাজারের বেঞ্চমার্ক মার্কিন ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেল প্রতি ৬২ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে ৮৪.৩৯ ডলারে গিয়ে পৌঁছেছে। এর আগের সেশনেই তেলের দামে ৭ শতাংশের বড় ধরনের পতন ঘটেছিল এবং তা নেমে গিয়েছিল বিগত তিন সপ্তাহের সর্বনিম্নে; সেখান থেকেই আবার ঘুরে দাঁড়িয়েছে এর মূল্য।
অন্যদিকে, একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ব্যারেল প্রতি ৬১ সেন্ট বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮০.৯৫ ডলারে উঠেছে। এর আগের সেশনে ডব্লিউটিআই ক্রুডের দর ৫ শতাংশের বেশি কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতির কারণে তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্ন ঘটার আশঙ্কাই বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে।

