মোঃ তাইজুল ইসলাম, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল (৮৫) আর নেই। শনিবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুক্তিযুদ্ধের সময় তিনি সুন্দরবন সাব সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর (অবসরপ্রাপ্ত) জিয়া উদ্দিনের একান্ত সহযোগী এবং যুদ্ধকালীন সিনিয়র কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। পরবর্তীতে উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন। দীর্ঘদিন তিনি দলীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি নিঃসন্তান ছিলেন। প্রায় দুই সপ্তাহ আগে তাঁর সহধর্মিণীও মৃত্যুবরণ করেন। তিনি শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাস করতেন।
তাঁর মৃত্যুতে শরণখোলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

