সত্যজিৎ দাস:
সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর এলাকায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ রোববার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গত শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে র্যাব-৯-এর সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মল্লিকপুর সরকারি খাদ্যগুদাম সংলগ্ন নদীর ঘাটে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,দিরাই উপজেলার খাগাউড়া গ্রামের ইমন তালুকদার (২২), বিপলু সরকার (২১) ও অমৃত দাস (২২) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাসননগর এলাকার মো. মোহন (১৬)।
র্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা 7000 Bet, BD Bajee, BK666, Krikya, Jeetbuzz, 1xBet, 99XO, TK999Bet, 1111Bet, 77ABC, GK222, 3333Betসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া খেলতেন বলে জানিয়েছেন।
তাদের কাছ থেকে জব্দ করা পাঁচটি স্মার্টফোন পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামত পাওয়া গেছে বলেও জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন,২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের এবং জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে,অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

