সরাইল, ব্রাহ্মনবাড়িয়া, প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার( ২১মে )বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়িতে একটি সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ চলছিল। এ সময় কয়েকজন চার তরুণ ট্যাংকের ভেতরে নামেন। ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, গলানিয়া গ্রামের মমসার (১৮), পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫) ও হৃদয় মিয়া (১৫), এবং ধর্মতীর্থ এলাকার আরমান (১৪)। নিহতদের মধ্যে মমসার পেশায় পাইপ ফিটার মিস্ত্রি ছিলেন। পরিবারের সদস্যরা জানান, অল্প কিছুদিনের মধ্যেই তার বিদেশ যাওয়ার কথা ছিল ।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরাইল স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ,ঘটনার বিস্তারিত তদন্ত চলছে ।
স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ট্যাংকে নামার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। যথাযথ সুরক্ষা সরঞ্জাম ছাড়া সেখানে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ।
এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে গলানিয়া গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠছে।

