লালমনিরহাট প্রতিনিধি:
রবিবার ১৯ জুলাই আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের সরদারপাড়া সংলগ্ন ৮ নম্বর ওয়ার্ড এলাকার একটি উন্মৃক্ত জলাশয়ে অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিনা পারভীন।
অভিযানে চারটি ফিক্সড ইঞ্জিন (মোট আনুমানিক দৈর্ঘ্য ১২০ মিটার) এবং প্রায় ২০০ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করা হয় এবং পরে ঘটনাস্থলেই জব্দকৃত অবৈধ জাল ও ফিক্সড ইঞ্জিন ধ্বংস করা হয়। জব্দকৃত চায়না দোয়ারি জালের আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিনা পারভীন জানান, নিষিদ্ধ জাল ও অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত সরঞ্জাম নদী ও জলাশয়ে মাছের অবাধ বিচরণ এবং প্রাকৃতিক প্রজনন ব্যাহত করে। মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জাল ও অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত সরঞ্জামের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার সাব-ইন্সপেক্টর রাজিয়ুল রহমান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মাসুম, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ এবং স্থানীয় গ্রামবাসী।

