মোঃ শরিফ বিল্লাহ,ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা দাসপাড়া গ্রামে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সুজন দাস (৩০) উপজেলার ছোট রাউতা দাসপাড়া গ্রামের জিতেন দাসের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়িতে অন্য কেউ না থাকার সময় নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন সুজন দাস। পরে দুপুরে তার স্ত্রী বাড়িতে ফিরে ঘরের দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সুজন দাসকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, ঋণের চাপ ও মানসিক হতাশার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

