দিনাজপুর প্রতিনিধি:
উত্তরাঞ্চলে প্রথমবারের মতো সফলভাবে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি (সিআরটি) ডিভাইস স্থাপন করে নতুন মাইলফলক স্পর্শ করেছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল।
নওগাঁ জেলার ধামুরাইহাট এলাকার বাসিন্দা মো. জামাল উদ্দিন (৬৮)-এর শরীরে এ উন্নত প্রযুক্তির ডিভাইস বসানো হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আয়োজিত এক মতবিনিময় সভায় হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়। এর আগে গত ২৪ এপ্রিল সফলভাবে ডিভাইসটি স্থাপন করা হয়।
হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. মো. মেসবাহ্উল ইসলাম জানান, সিআরটি ডিভাইস হার্ট ফেইলরের রোগীদের জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি। এটি হৃদপিণ্ডের নিচের দুটি প্রকোষ্ঠের কার্যক্রমে সমন্বয় ঘটিয়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়তা করে।
তিনি বলেন, ডিভাইসটি স্থাপনের ফলে রোগীর হৃদপিণ্ডের পাম্পিং ক্ষমতা বাড়ে। পাশাপাশি শ্বাসকষ্ট, ক্লান্তি ও বুক ধড়ফড়ের মতো উপসর্গ কমে আসে এবং রোগীর জীবনযাত্রার মান উন্নত হয়।
রোগী মো. জামাল উদ্দিন বলেন, ডিভাইস বসানোর পর তার শ্বাসকষ্ট ও ক্লান্তি অনেক কমেছে এবং এখন তিনি নিজেকে অনেকটা সুস্থ মনে করছেন।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, চিকিৎসক ও সেবাকর্মীদের নিরলস প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়েছে। হাসপাতালের বিভিন্ন সেবার মাধ্যমে অনেক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন।
মতবিনিময় সভা শেষে সুস্থ হয়ে ওঠায় রোগীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

