শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি:
বাগেরহাট রামপাল উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘উপজেলা প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৯ শে এপ্রিল (বুধবার) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।
বালক বিভাগের ফাইনালে কুমলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, বালিকা বিভাগের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে গোল শুন্য খেলা শেষ হলে ট্রাইবেকারে ২-১ গোলে আদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় বড়কাঠালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের সভাপতি রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।
রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল কুদ্দুসের সার্বিক তত্ত্বাবধানে ফুটবল খেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামপাল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, রামপাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফকির আতিয়ার রহমান ,এটিও ফারুক আহমেদ,এটিও সরজ মহলি,এটিও মুজিবর রহমান,খান হায়দার, মোঃ ইদাদুল হক, শেখ নুরনবী(টুকু), রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ সহ খেলাপ্রেমী দর্শকসহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়ানুরাগী ব্যক্তি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো টুর্নামেন্টজুড়েই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মেয়েদের ফাইনাল খেলায় টান টান উত্তেজনা বিরাজ করে এবং সবশেষে ট্রাইবেকারের মাধ্যমে জয় পরাজয় নিশ্চিত হয়।

