সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন এবং বড় ভাই গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ছেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি বিকেলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আকল মিয়ার সঙ্গে তাঁর ছোট ছেলে মশিকুর রহমানের পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মশিকুর তার হাতে থাকা ধারালো ডেগার দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় বড় ভাই শহিদুর রহমান এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদুর রহমানের অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর অভিযুক্ত মশিকুর রহমান পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করে। পরে কালাপুর ইউনিয়নের একটি পাহাড়ি এলাকা থেকে র্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২,শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যদের সহায়তায় অভিযুক্ত মো. মুশফিকুর রহমান মশিক (৪০) কে আটক করা হয়।
ঘটনার পরপরই শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্নাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি জহিরুল ইসলাম মুন্না জানান,পারিবারিক দ্বন্দ্বের জেরে অভিযুক্ত মুশফিকুর রহমান মশিক তার বৃদ্ধ বাবা আকল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেন এবং বড় ভাই শহিদুর রহমানকে গুরুতর আহত করেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

