মো আলম , বান্দরবান প্রতিনিধি:
মাহা সাংগ্রাই পোয়েঃ ২০২৬ ইং উদযাপন পরিষদের আয়োজনে মাহা সাংগ্রাই পোয়েঃ ২০২৬ ইং উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে সাংগ্রাই উদযাপন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস এবং বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রদায়ভিত্তিক উৎসবগুলো সংরক্ষণ এবং বিকাশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশ্বাস প্রদান করেন যে, মারমা সম্প্রদায়সহ পাহাড়ের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এ ধরনের বর্ণাঢ্য ও প্রাণবন্ত আয়োজনে অংশগ্রহণের সুযোগ না পেলে তিনি হয়তো মারমা সংস্কৃতির এই অনন্য সৌন্দর্য এত কাছ থেকে উপভোগ করতে পারতেন না। অনুষ্ঠানের শৃঙ্খলা, ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান, রঙিন পোশাক, লোকজ সংগীত ও নৃত্য তাকে মুগ্ধ করেছে।
এ সময় তিনি ৩০০নং আসনের বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীকে আন্তরিক ধন্যবাদ জানান, এ ধরনের গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো এবং অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য।
অ্যাডভোকেট দীপেন দেওয়ান মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবের তাৎপর্য তুলে ধরে বলেন, এটি শুধু একটি উৎসব নয়, বরং পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভালোবাসার এক অনন্য বন্ধন। পানি খেলা, বুদ্ধমূর্তি স্নান, ঐতিহ্যবাহী নৃত্য—সবকিছু মিলিয়ে এই উৎসব পাহাড়ি জনপদের প্রাণের স্পন্দন বহন করে।
এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মারমা লাপাইমুখ পাড়া জ্যাইহ্ দল এবং স্থানীয় জনপ্রিয় শিল্পীবৃন্দ।

