শাহরিয়ার কবির,উপজেলা প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন। আগুনে পুড়ে গেছে বসতঘরসহ সবকিছু, ফলে খোলা আকাশের নিচেই দিন কাটছে তাদের।
মঙ্গলবার (৫ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং আবু ছিদ্দিক সরদারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ঘটনার সময় আবু ছিদ্দিক বাড়িতে ছিলেন না। পরে ফিরে এসে তিনি দেখতে পান, তার বসতঘর ও ঘরের ভেতরের সব মালামাল আগুনে ধ্বংস হয়ে গেছে। আসবাবপত্র, কাপড়চোপড় ও খাদ্যসামগ্রীসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ছিদ্দিকের স্ত্রী কাকুলী বেগম ও সন্তানদের কান্নায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দ্রুত ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা রসিদ সরদার বলেন, “অনেক কষ্টে ঘরটি তৈরি করেছিলেন ছিদ্দিক। এখন তার পক্ষে নতুন করে ঘর নির্মাণ করা কঠিন।”
এদিকে, এলাকাবাসী অভিযোগ করেছেন পাইকগাছায় দীর্ঘদিন ধরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখনো সেখানে পূর্ণাঙ্গ অগ্নিনির্বাপন কেন্দ্র স্থাপন করা হয়নি। ফলে এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।
বর্তমানে আবু ছিদ্দিক ও তার পরিবার মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছে। স্থানীয়রা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

