বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহীদুল ইসলাম এ জিডি দায়ের করেন।
জিডিতে বলা হয়েছে, ‘Gen Z (FS Gaming)’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে। সেখানে তার নামে দাবি করা হয়, তিনি রাতে একাধিক তেল পাম্প পরিদর্শন করেছেন এবং কোথাও কোনো জ্বালানি সংকট বা ভিড় দেখেননি।
তবে জিডিতে স্পষ্ট করা হয়েছে, প্রতিমন্ত্রী এমন কোনো পরিদর্শন করেননি এবং এ ধরনের কোনো বক্তব্যও দেননি। বরং তিনি ওই সময় চট্টগ্রাম ও মাতারবাড়ী এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরেন।
এ ঘটনায় প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা এবং জ্বালানি খাত নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

