আষাঢ়-শ্রাবণের অবিরত বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। রাজধানী ঢাকা শহর জলমগ্ন হওয়ার পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রাম ও পাহাড়ি অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। সাধারণ মানুষের এই দুর্ভোগ, একাকিত্ব এবং প্রকৃতির রুদ্ররূপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি, ক্ষোভ ও অভিমান প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা।
টানা বৃষ্টির কারণে রাজধানীর রাস্তায় জমে থাকা হাঁটু পানিতে দাঁড়িয়ে আছেন জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার। এমন একটি ভোগান্তির ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমাদের ছোট নদী’ কবিতার সুর মিলিয়ে লিখেছেন—
‘“পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।” আমাদের কষ্টের কথা ভেবেই কবিতার দুটো লাইন মনে পড়ে গেল।’
চট্টগ্রামের সন্তান অভিনেতা ইরফান সাজ্জাদ নিজের এলাকার বানভাসি মানুষের অবর্ণনীয় কষ্টের ছবি পোস্ট করে এক দীর্ঘ ও আবেগঘন প্রতিবাদী পোস্ট দিয়েছেন। দেশের বড় বড় মিডিয়ার নীরবতার প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন—
‘আমার চট্টগ্রাম ভালো নেই। বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবান ভালো নেই! অথচ মেজর কোনো নিউজ নেই! কোনো আওয়াজ নেই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। কবর থেকে লাশ ভেসে যাচ্ছে!’
অন্যান্য অঞ্চলের বন্যার সময় চট্টগ্রামের মানুষের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন,
‘কুমিল্লা, নোয়াখালী, ফেনীর বন্যার সময় এই চট্টগ্রামের মানুষজন যার যা কিছু ছিল, তা নিয়ে তাদের উদ্ধার করতে গিয়েছিল! আজকে এই বন্যা পীড়িত মানুষগুলোকে উদ্ধারে মানুষের তেমন কোনো সাড়াশব্দ নেই, কোনো আওয়াজ নেই।’
কয়েক দিন ধরে চলা এই অতিবর্ষণ ও ঢাকার জমা পানি নিয়ে কথা বলেছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি ও অভিনেতা আহসান হাবীব নাসিম। নগরবাসীর চিরচেনা বৃষ্টির সংস্কৃতিকে ইঙ্গিত করে কিছুটা রূপক অর্থে তিনি লিখেছেন—
‘ডাল খিচুড়ি চাঙে উঠেছে, শহর নগর পানিতে ভাসছে।’
প্রকৃতির এই বর্ষণমুখর দিনগুলোতে সাগরের অন্য রূপ দেখতে সমুদ্রপাড়ে গিয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। ঢেউয়ের গর্জন ও উত্তাল সাগরের একটি ছবি পোস্ট করে তিনি ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে লিখেছেন—
‘এই বর্ষায় সাগরের গর্জন কি ভয়ংকর নাকি আকর্ষণীয়?’
এদিকে এই বৃষ্টির মাঝেই ভেজার একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। তবে তার ক্যাপশনে ছিল বন্ধুত্বের এক ভিন্ন বার্তা। তিনি লিখেছেন—
‘আমরা সবাই অতীত ভুলে যাই। সত্যিকারের বন্ধু যারা চেনে না, তাদের জন্য সমবেদনা।’
টানা এই বৃষ্টিপাতে একদিকে যেমন সাধারণ নগরজীবন স্থবির হয়ে পড়েছে, অন্যদিকে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের বন্যা পরিস্থিতি যে দ্রুতই মানবিক সহায়তার দাবি রাখে— তারকাদের এই পোস্টগুলো তারই প্রতিচ্ছবি।

