সাত সপ্তাহ ধরে চলা সংঘাতের পর হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রথম বড় প্রচেষ্টা চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা ও শিপিং সূত্র জানিয়েছে, শনিবার অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ গুলিবর্ষণের শিকার হয়েছে।
খবর অনুযায়ী, কৌশলগত এই জলপথে ইরানের পক্ষ থেকে পুনরায় কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপের ঘোষণার পরপরই এই হামলার ঘটনা ঘটে।
সামুদ্রিক ট্র্যাকিং ডেটায় দেখা যায়, সকালে আটটি তেলবাহী ট্যাংকারের একটি বহর হরমুজ প্রণালী অতিক্রম করছিল। এটিকে সাম্প্রতিক সংঘাত শুরুর পর সবচেয়ে বড় বাণিজ্যিক জাহাজ বহরের যাত্রা হিসেবে উল্লেখ করা হচ্ছে।
এর আগে আঞ্চলিক যুদ্ধবিরতির প্রেক্ষাপটে প্রণালী কিছুটা শিথিল করা হয়েছিল, তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ইরানের সামরিক কর্তৃপক্ষ দাবি করেছে, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও “উসকানিমূলক আচরণের” কারণে তারা আবারও কঠোর নিয়ন্ত্রণ আরোপে বাধ্য হয়েছে।
দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, কিছু জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হলেও পরিস্থিতির অবনতির কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অন্যদিকে ইরানের সামরিক নেতৃত্ব জানিয়েছে, তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হওয়ায় হরমুজ প্রণালীর এই উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

