শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা:
“উন্নয়নের পথে এগিয়ে চলি, পোনা মাছ অবমুক্ত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা, নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হারুন অর রশিদের উদ্যোগ ও অর্থায়নে নোয়াখালী সুধারাম মডেল থানার পুকুরে তিন মণ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব হারুন অর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক মুকিব হাসান, নোয়াখালী জাতীয়তাবাদী আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জসীমউদ্দীন, এছাড়াও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং সচেতন নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, মৎস্যসম্পদ বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশিদ বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে নিয়মিতভাবে পোনা অবমুক্ত করা হবে, যাতে সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারে।
তিনি আরও জানান, এই উদ্যোগ শুধু সুধারাম মডেল থানার পুকুরেই সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জলাশয়ে আরও মাছের পোনা অবমুক্ত করা হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ সংরক্ষণ ও মৎস্যসম্পদ বৃদ্ধির এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচিতে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

