মার্কিন উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স দাবি করেছেন, দণ্ডিত অর্থদাতা ও যৌন অপরাধী জেফরি এপস্টাইনের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উচ্চপর্যায়ের গোয়েন্দা মহলের সঙ্গে যোগাযোগ ছিল। তবে তিনি একই সঙ্গে স্বীকার করেছেন, এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নিশ্চিত বা প্রাতিষ্ঠানিক প্রমাণ নেই।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় পডকাস্টার জো রোগানের সঙ্গে প্রায় তিন ঘণ্টার এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ভ্যান্স। আলোচনার একপর্যায়ে রোগান বলেন, অনেকের ধারণা এপস্টাইন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন। এর জবাবে ভ্যান্স বলেন, এপস্টাইনের যোগাযোগ মোসাদ, সিআইএ কিংবা বিভিন্ন দেশের গভীর রাষ্ট্র (ডিপ স্টেট) সংশ্লিষ্ট মহলের সঙ্গে ছিল বলে তিনি মনে করেন।
ভ্যান্স আরও বলেন, ইসরায়েলের কিছু প্রভাবশালী মহলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক বলয়ের ব্যক্তিদের সঙ্গেও এপস্টাইনের সম্পর্ক ছিল। তবে তিনি স্পষ্ট করে বলেন, গোয়েন্দা সংস্থার হয়ে এপস্টাইন কাজ করতেন—এমন দাবি সমর্থন করার মতো নির্ভরযোগ্য সরকারি নথি বর্তমানে নেই।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বিচার বিভাগ এপস্টাইন-সংক্রান্ত প্রায় ৩৫ লাখ নথি প্রকাশ করে। প্রকাশিত দলিলগুলোতে তাকে কোনো গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে নিশ্চিত করার মতো তথ্য পাওয়া যায়নি। তবে ২০২০ সালের একটি এফবিআই মেমোতে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে তাকে মোসাদের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হয়েছিল।
প্রকাশিত নথিতে আরও উঠে আসে, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক এবং গোয়েন্দা কর্মকর্তা ইয়োনি কোরেনের সঙ্গে এপস্টাইনের নিয়মিত যোগাযোগ ছিল। এছাড়া তিনি বিভিন্ন সময়ে ইসরায়েলের কিছু প্রতিষ্ঠান ও প্রকল্পে অর্থ সহায়তাও দিয়েছেন বলে উল্লেখ রয়েছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে এ বিষয়ে মন্তব্য করে বলেন, এহুদ বারাকের সঙ্গে এপস্টাইনের সম্পর্ক থাকলেই এটি প্রমাণ হয় না যে তিনি ইসরায়েলের হয়ে কাজ করতেন।
সাক্ষাৎকারে ভ্যান্স সাবেক মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির প্রসঙ্গও তোলেন। তার মতে, এপস্টাইন-সংক্রান্ত নথি প্রকাশের বিষয়ে বন্ডি রাজনৈতিক চাপের কারণে অতিরঞ্জিত বক্তব্য দিয়েছিলেন, যা পরবর্তীতে জনমনে বিভ্রান্তি ও অবিশ্বাসের সৃষ্টি করে।

