শরীয়তপুরের জাজিরা উপজেলায় যাত্রীবাহী একটি বাসের চাপায় রুহুল আমিন দেওয়ান (৭২) নামে এক বৃদ্ধ হকার গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জাজিরা পুরাতন বাজার বাসস্ট্যান্ড এলাকায় হামেদ আকনের মুদি দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত রুহুল আমিন দেওয়ান জাজিরা পৌরসভার কবিরাজ কান্দি এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি বাসে হকারি করে জীবিকা নির্বাহ করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া থেকে ঢাকাগামী শরীয়তপুর সুপার সার্ভিসের একটি বাসে হকারি করছিলেন রুহুল আমিন। জাজিরা পুরাতন বাজার বাসস্ট্যান্ডে বাস থেকে নামার সময় অসাবধানতাবশত তিনি বাসটির পেছনের চাকায় চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
খবর পেয়ে জাজিরা থানার এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আইনি কার্যক্রম শুরু করেন। এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, বাসটি জব্দের প্রক্রিয়া চলছে।

