জুলাই আন্দোলনের একটি মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে করা দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে।
মামলাটি রাজধানীর লালবাগ থানায় দায়ের করা আশরাফুল হত্যা চেষ্টা সংক্রান্ত। শুনানির জন্য তাকে দুপুরে আদালতে হাজির করা হলে পরে এজলাসে তোলার আগে হাজতখানায় রাখা হয়।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, মামলার প্রধান আসামিদের সঙ্গে তিনি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত ছিলেন এবং ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন। তবে আদালত সেই আবেদন গ্রহণ করেননি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন আশরাফুল ওরফে ফাহিম। এ ঘটনায় পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রীসহ বহুজনের বিরুদ্ধে মামলা করা হয়।
এর আগে ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

