ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং একাধিক বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া এলাকায় এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়া গ্রামের মো. জাহিদ মাতুব্বর ও আড়ুয়াকান্দী গ্রামের নুরু মাতুব্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে এক সমর্থককে মারধরের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাত ১টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলে।
সংঘর্ষে অন্তত ২০ থেকে ২৫টি বসতঘর ভাঙচুর করা হয় এবং একটি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কয়েকটি গবাদিপশু লুটের অভিযোগও উঠেছে। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


