মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্বাধীনতা স্কয়ারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুর্যালের ওপর দেওয়া কালো কাপড় অপসারণ করা হয়েছে।
শুক্রবার এ কাপড় খুলে ফেলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কাজিপুর উপজেলা শাখার সদস্য ও কাজিপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্নব ইসলাম নিলয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষিতে স্বাধীনতা স্কয়ারে স্থাপিত মুর্যালগুলো কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে এভাবে ঢাকা থাকার পর হঠাৎ করে কাপড় অপসারণের ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অর্নব ইসলাম নিলয় নিজ উদ্যোগে মুর্যালের কাপড় সরিয়ে দেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন উঠেছে,কে বা কার নির্দেশে কাপড় সরানো হলো এবং এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না।
এদিকে এলাকাবাসীর একাংশ বলছেন, জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুর্যাল দীর্ঘদিন ঢেকে রাখা যেমন অনাকাঙ্ক্ষিত ছিল, তেমনি তা অপসারণের ক্ষেত্রেও যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত থাকা উচিত ছিল।
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। কেউ এটিকে স্বাভাবিক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে বিতর্কিত পদক্ষেপ বলেও মনে করছেন।

