সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা ও বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌরসভার ধানাধিন এলাকার মৌলভীবাজার সড়কে অবস্থিত এসএ পরিবহন কাউন্টারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ফরমান আলী। তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে এসব অবৈধ পণ্য উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়,উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২০টি বস্তায় মোট ১ হাজার প্যাকেট ভারতীয় ফুচকা,যার মোট ওজন প্রায় ১ হাজার কেজি এবং আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এছাড়া ‘PATRON’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট ৩টি কার্টনে ১৫০ বক্স (মোট ৩০ হাজার শলাকা),যার মূল্য প্রায় ৩ লাখ টাকা। পৃথক একটি সাদা বস্তা থেকে ‘Mond’ ব্র্যান্ডের ৯৪ বক্স বিদেশি সিগারেট (১৮ হাজার ৮০০ শলাকা) উদ্ধার করা হয়,যার আনুমানিক মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা।
উদ্ধারকৃত পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৬ লাখ ৮৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযান প্রসঙ্গে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ফরমান আলী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানের মাধ্যমে এসব পণ্য দেশে আনা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না রোববার (২৫ এপ্রিল) বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন,চোরাচালানের সঙ্গে জড়িতদের বিষয়ে প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

