জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের পর সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বেসরকারি শিল্পকারখানাগুলোকে সচল রাখতে। বর্তমান জ্বালানি সংকটের মধ্যেও উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, রপ্তানিতে সামান্য ধীরগতি থাকলেও তা মূলত বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে, জ্বালানি সমস্যার জন্য নয়।
তিনি আরও জানান, ভবিষ্যতে কম জ্বালানি ব্যবহারকারী শিল্পে বিনিয়োগ বাড়াতে পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি তেল ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে এলএনজি আমদানি বাড়ানো এবং কৌশলগত মজুত গড়ে তোলার উদ্যোগও রয়েছে।
পাট খাত নিয়ে মন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যবাহী এই শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থানে নিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাটবীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যেও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

