কাজী মফিকুল ইসলাম, আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে সৈয়দ যুবরাজ শাহ রাসেল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যুবরাজ শাহ রাসেল উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও পৌরশহরের তারাগন এলাকার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহর ছেলে।
তিনি বর্তমানে পৌর শহরের রাধানগর এলাকায় বসবাস করেন। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়। এর আগে শনিবার ভোরে থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিরস্ত্র) মো: এমরান হোসেন, এসআই(নিরস্ত্র) পুষন সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোরে থানা এলাকা থেকে সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে গ্রেফতার করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ উল ইসলাম আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে গ্রেফতার করা হয়। তিনি আখাউড়া থানার বিস্ফোরক আইনের ধারায় মামলায় আসামী। তাকে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও বলেন পলাতক আসামিদের আইনের আওতায় আনা এবং বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

