ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ৩৫ লাখ মার্কিন ডলারের জরুরি মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা। বৃহস্পতিবার (২৫ জুন) এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই অর্থ বিশ্বস্ত আন্তর্জাতিক অংশীদার সংস্থাগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সহায়তার আওতায় থাকবে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসেবা, স্যানিটেশন, নিরাপত্তা এবং অন্যান্য জীবনরক্ষাকারী উপকরণ।
অনিতা আনন্দ বলেন, ভেনেজুয়েলায় ভূমিকম্পের ফলে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি কানাডা সংহতি প্রকাশ করছে।
গত ২৪ জুন এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দুটি ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৩৯ সেকেন্ড।
প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এরপর দেশজুড়ে ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। বিশেষজ্ঞরা এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচনা করছেন।
ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইউএসজিএস সতর্ক করেছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

