প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম। আগামী ২৮ জুন থেকে দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)-এ আবেদন গ্রহণ শুরু হবে। তবে আবেদনপত্রে সামান্য ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলেও আবেদন বাতিল হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যেভাবে আবেদন করবেন
ভারতীয় ভিসার নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদনপত্র পূরণ করে সেটি ডাউনলোড করতে হবে। এরপর নির্ধারিত নিয়মে অ্যাপয়েন্টমেন্ট বুক করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট বুকিং
আবেদন জমা দেওয়ার আগের কার্যদিবসে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে।
দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে সাইনআপ ও ওয়েবফাইল আপলোড সম্পন্ন করতে হবে।
আবেদনপত্রে ব্যবহৃত একই ই-মেইল দিয়ে নিবন্ধন করতে হবে।
ই-মেইল ও মোবাইলে পাঠানো ওটিপি যাচাইয়ের পর নিবন্ধন সম্পন্ন হবে।
বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে।
অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।
যেসব কাগজপত্র প্রয়োজন
কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা মূল পাসপোর্ট (দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে)
পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি এবং প্রয়োজন হলে নবায়নের কপি
পূর্বের সব পাসপোর্ট
সাম্প্রতিক (তিন মাসের মধ্যে তোলা) ২×২ সাইজের রঙিন ছবি
জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের কপি
সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ইস্যু করা বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল
চাকরিজীবীদের ক্ষেত্রে নিয়োগপত্র বা প্রত্যয়নপত্র, শিক্ষার্থীদের আইডি কার্ড এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স
১৫০ মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি কিংবা প্রয়োজনীয় ব্যাংক স্টেটমেন্ট
রেজিস্ট্রেশন নম্বরসহ অনলাইন আবেদনপত্র
আবেদনপত্রে নির্ধারিত স্থানে আবেদনকারীর ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া আপলোড করা পিডিএফ ফাইলটি মূল আবেদনপত্র হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। সম্পাদিত বা পরিবর্তিত ফাইল গ্রহণ করা হবে না।
ভিসা ফি
পর্যটন ভিসার জন্য কোনো ভিসা ফি নেওয়া হবে না। তবে আবেদন প্রক্রিয়াকরণ বাবদ আইভ্যাক ১ হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ নেবে, যা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে পরিশোধ করতে হবে।
যেসব কারণে আবেদন বাতিল হতে পারে
আবেদনপত্রে ভুল বা অসত্য তথ্য প্রদান
প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকা
৩০ দিনের বেশি পুরোনো আবেদনপত্র ব্যবহার
পূর্বের সব পাসপোর্ট জমা না দেওয়া
নির্ধারিত নির্দেশনা অনুসরণ না করা বা সময়সীমা মেনে আবেদন না করা
ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এরপর নির্ধারিত নিয়মে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

