যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সংঘাতের সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে অংশ নিতে প্রস্তুত ছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর ব্যক্তিগত অনুরোধের পর এরদোয়ান সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন বলেও উল্লেখ করেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ দাবি করেন। তিনি বলেন, এরদোয়ান ইরানের পক্ষে যুদ্ধে জড়ানোর বিষয়ে আগ্রহী ছিলেন এবং ইসরায়েলের প্রতি তাঁর বিরূপ মনোভাব এ অবস্থানের একটি কারণ।
ট্রাম্পের ভাষ্য, সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিলে তিনি ব্যক্তিগতভাবে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁকে সামরিকভাবে সংঘাতে না জড়ানোর অনুরোধ জানান। তাঁর দাবি, এরদোয়ান সেই অনুরোধে সাড়া দেন।
এদিকে তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে তুরস্কের এফ-৩৫ যুদ্ধবিমান ও প্রয়োজনীয় জেট ইঞ্জিন কেনার আগ্রহের বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে যুক্তরাষ্ট্রের। এ প্রসঙ্গে তিনি বলেন, তুরস্ককে সন্তুষ্ট করবে—এমন একটি সমাধানের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ট্রাম্প জানান, প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি সম্মান জানিয়ে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে সরাসরি অংশ নেওয়ার পরিকল্পনাও তাঁর রয়েছে।
তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

