মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত।
তিনি বলেন, চন্দ্রবর্ষ, সৌরবর্ষ বা ঋতুবর্ষ কোনো একক ধর্মের বিষয় নয়; বরং এগুলো প্রাকৃতিক এবং সমগ্র মানবজাতির জন্য প্রযোজ্য। এসব বিষয়কে নির্দিষ্ট ধর্ম বা জাতীয়তাবাদের সঙ্গে যুক্ত করা ভুল ও মানবতাবিরোধী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি উল্লেখ করেন, বর্ষপরিক্রমা প্রাকৃতিক বিষয়, এটি ঈমানের অংশ নয়। তবে জীবনের অংশ হিসেবে ধর্মীয় কার্যক্রমের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, চন্দ্র মাস অনুযায়ী মুসলমানরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করলেও সৌরচক্র অনুযায়ী দৈনন্দিন ইবাদতের সময় নির্ধারিত হয়।
আল্লামা ইমাম হায়াত আরও বলেন, কোনো দিবস বা মাসের গুরুত্ব নির্ভর করে ঐতিহাসিক ঘটনা ও তাৎপর্যের ওপর। সে হিসেবে মাহে মহররমকে তিনি শোক ও শপথের মাস হিসেবে উল্লেখ করেন এবং কারবালার শাহাদাতের শিক্ষা ধারণের আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান বিশ্বে মানবতা নানা সংকটে নিমজ্জিত। তাই ধর্মের নামে বিভাজন নয়, বরং ঐক্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।
বিবৃতিতে তিনি আরও দাবি করেন, ধর্মীয় বিষয়গুলোকে বিকৃতভাবে উপস্থাপন বা অপব্যাখ্যার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

