সত্যজিৎ দাস:
সিলেটের ফেঞ্চুগঞ্জে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে র্যাব-৯। অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে,তবে একজন পালিয়ে গেছে।
র্যাব-৯ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল রবিবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে ফেঞ্চুগঞ্জ থানাধীন মাইজগাঁও এলাকার একটি খেলার মাঠের উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালায়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,ওই স্থানে একটি ট্রাকে অবৈধভাবে আনা ভারতীয় পণ্য রাখা আছে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা তিনজনের মধ্যে দুইজনকে আটক করা সম্ভব হয়,একজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাক তল্লাশি করে ১৩৪ বস্তায় মোট ৪১২০ কেজি ভারতীয় জিরা এবং ১৬ কার্টনের মধ্যে থাকা ৫৭৬০টি কসমেটিক্স (গোমেলা ক্রিম) জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও ট্রাকসহ যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন সিলেট শাহপরান এলাকার মো. আব্দুল করিম (৩৭) এবং গোপালগঞ্জের মোসাদ খাঁন (২১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান,পলাতক ব্যক্তির সঙ্গে মিলে এসব পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে এনে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারদের ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯। একই সঙ্গে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

