মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের পৌর সুপার মার্কেটের দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (২০ মে) সকালে মার্কেটের মের্সাস শীতল ফ্যাসানের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আজিমুল ইসলাম আজিম (৩৫) মের্সাস শীতল ফ্যাশনের স্বত্বাধিকারী এবং শহরের হোসেনপুর মহল্লার রবিউল ইসলামের ছেলে।
পৌর নিউমার্কেট হাট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিপ্লব বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী আজিম বাড়ি থেকে দোকানে আসে। তখন মার্কেটের অন্য দোকানপাট তেমন খোলা ছিল না।
আজিমের দোকানের সাটার বন্ধ থাকা অবস্থায় নিচ দিয়ে ভেতর থেকে আসা রক্ত দেখে স্থানীয়রা বিষয়টি টের পায়। এরপর দোকানের মধ্যে ঢুকে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সানোয়ার হোসেন আরো বলেন, কে বা কারা তাকে হত্যার চেষ্টা করে রক্তাক্ত অবস্থায় দোকানের ভেতর ফেলে রেখে বাইরে থেকে সাটার বন্ধ করে রেখে গেছে। কী কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তা বলতে পারব না। তবে ঈদের আগে মার্কেটের ভেতর এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তি দাবি করেন তিনি।
সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, পদস্থ কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

