তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ইসরায়েল আগাম নির্বাচনের দিকে আরও একধাপ এগিয়েছে। দেশটির সংসদ নেসেট ভেঙে দেওয়ার একটি প্রাথমিক বিল ব্যাপক সমর্থনে পাস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।
বুধবার (২০ মে) অনুষ্ঠিত ভোটে বিলটির পক্ষে ১১০ জন আইনপ্রণেতা ভোট দেন। কোনো ভোটই এর বিপক্ষে যায়নি। ক্ষমতাসীন জোট ও বিরোধী দল—উভয় পক্ষের সমর্থন থাকায় বিলটি সহজেই প্রাথমিক ধাপ অতিক্রম করে।
এর ফলে নেসেট ভেঙে দেওয়ার আইনি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল, যা ইসরায়েলে নতুন করে আগাম জাতীয় নির্বাচনের সম্ভাবনা তৈরি করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ভোটের সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংসদে উপস্থিত ছিলেন না। তিনি তখন রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত একটি জরুরি বৈঠকে অংশ নিচ্ছিলেন।

