ফিফার কাছ থেকে ভ্যাটসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এবার বিশ্বকাপ ফুটবল বিটিভিতে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বিটিভির পাশাপাশি দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম এবং মোবাইল অপারেটররাও ম্যাচ সম্প্রচার করবে।
তিনি আরও জানান, আগে উল্লিখিত বেশি দামে প্রচার স্বত্ব কেনার প্রস্তাব ছিল, তবে সরকার তা না নিয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনা করে কম দামে চুক্তি সম্পন্ন করেছে।
প্রতিমন্ত্রী দাবি করেন, ২০২২ সালের বিশ্বকাপে আগের চুক্তির ব্যয় তুলনামূলকভাবে বেশি ছিল, যা নিয়ে তখন সমালোচনা হয়েছিল। নতুন উদ্যোগে খরচ কমিয়ে সম্প্রচার নিশ্চিত করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সরকারের লক্ষ্য জনগণের জন্য সহজলভ্যভাবে বিশ্বকাপ ফুটবল দেখার সুযোগ তৈরি করা বলেও তিনি উল্লেখ করেন।

