সত্যজিৎ দাস, মৌলভীবাজার:
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ব্রাহ্মণগ্রামের সুবাহান হাজীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। তিনি পেশায় শুটকি ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
পুলিশ জানায়,সুবাহান হাজীর বাড়ির বাথরুমে বস্তাবন্দি একটি মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন,কীভাবে ওই যুবকের মরদেহ বাড়িটির বাথরুমে পৌঁছাল এবং ঘটনার সঙ্গে কারা জড়িত,তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

