বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ইকবাল হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠানে গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) ভোররাতে সংঘটিত এ ঘটনায় দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বিএনপি নেতা ইকবাল হাওলাদার অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে রাতের আঁধারে তার দোকানে আগুন লাগানো হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হওয়ায় উজিরপুর ফায়ার সার্ভিসের অবহেলার অভিযোগও তোলেন তিনি।
ঘটনার বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজ মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

