ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মনিরুজ্জামান আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে হরিপুর উপজেলার মিনাপুর বিওপি এবং ভারতের জলপাইগুড়ি জেলার চেনগাও বিওপি এলাকার বিপরীতে ৮৭ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে এবং মিনাপুর বিওপিতে দায়িত্বে থাকা বিজিবি সদস্য মনিরুজ্জামান গুলিবিদ্ধ হন।
পরে সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, মিনাপুর বিওপি তাদের ব্যাটালিয়নের আওতাধীন নয়, এটি দিনাজপুর ৫০ বিজিবির অধীনে পড়ে। তাই এ ঘটনায় তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।
অন্যদিকে দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে স্থানীয় গোয়েন্দা সংস্থার উর্ধতন কর্মকর্তারা বিজিবি সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

