পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন এই বছরকে বরণ করে নেওয়া হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করা হয়। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রার বিশেষ দিক ছিল অংশগ্রহণকারীদের হাতে থাকা লোকজ ঐতিহ্যের নানা উপকরণ। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নকশা করা ব্যানার, ফেস্টুন এবং পান্তা-ইলিশের প্রতিকৃতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন করে তোলে। রঙিন সাজে সজ্জিত হয়ে ছোট-বড় সব বয়সী মানুষ এই উৎসবে সামিল হন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দগণ।

