সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে ইশরাক হোসেন বলেন, এ ধরনের হামলা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত অশুভ এবং এটি গণতান্ত্রিক রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তার মতে, রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকলে তা দেশের স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থের জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই রাজনৈতিক কার্যক্রম হিসেবে বিবেচনা করা যায় না। তার দাবি, যারা অতীতে সহিংসতা ও অগণতান্ত্রিক রাজনীতির সঙ্গে জড়িত ছিল, তারাই এমন ঘটনার মাধ্যমে লাভবান হওয়ার চেষ্টা করতে পারে।
ইশরাক হোসেনের ভাষ্য, দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের অপশক্তিকে দ্রুত নিষ্ক্রিয় করা প্রয়োজন। তিনি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

