তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে সুনির্দিষ্ট উপাত্ত বা ডাটা ছাড়া কোনো তথ্যকে পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য বলা যায় না; তা কেবল ব্যক্তিগত মতামত বা ধারণা হিসেবে বিবেচিত হয়।
রোববার সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, মাঠপর্যায়ে বাস্তব কাজ এবং সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে পৌঁছাতে হলে কেবল বর্ণনা নয়, বরং সুনির্দিষ্ট পরিসংখ্যান ও প্রমাণভিত্তিক তথ্যের ওপর নির্ভর করতে হবে। উপাত্ত ছাড়া প্রচার কার্যক্রমের কোনো বাস্তব ভিত্তি থাকে না।
তিনি আরও বলেন, বর্তমানে ডিজিটাল বিশ্লেষণের মাধ্যমে জনমতের প্রতিক্রিয়া সহজেই পরিমাপ করা সম্ভব। অনলাইন প্ল্যাটফর্মে লাইক, মন্তব্য ও শেয়ারসহ বিভিন্ন সূচক বিশ্লেষণ করে জনমতের প্রবণতা নির্ধারণ করা যায়, যা জনসংযোগ কৌশলকে আরও কার্যকর করে।
জনসংযোগ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, তাদের “ডিজিটাল ফোর্স” হিসেবে দক্ষতা বাড়াতে হবে এবং প্রতিটি মন্ত্রণালয়ের অর্জন ও উন্নয়নকে উপাত্তভিত্তিকভাবে উপস্থাপন করতে হবে। এতে তথ্যের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে এবং বিভ্রান্তি কমবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বক্তব্য দেন। সভাপতিত্ব করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। এছাড়া তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম ও মো. ইয়াসীন উপস্থিত ছিলেন।

