শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি:
পদ্মার হাওয়ায় শপথ করি, মাদকমুক্ত শরীয়তপুর গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে মাদকবিরোধী সমাবেশ, শপথ পাঠ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলার সুবচনী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহি, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইবরাহীম হাওলাদার, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার এবং সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন সিকদার।
সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হয়ে এ ধরনের ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের অংশগ্রহণে মাদকবিরোধী শপথ পাঠ অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

