বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতায় গেলে সংসদের প্রথম কার্যদিবস থেকেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করা হবে। তিনি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত এ নিয়ে আশঙ্কা থেকেই যাবে, তাই প্রয়োজন মানসিক সংস্কারও।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় পরিষদের শপথ গ্রহণ ও কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা সহজে দূর হবে না, তবে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিদেশি প্রভাব বা আঁতাতের মাধ্যমে যদি নির্বাচন বানচালের চেষ্টা হয়, তবে তা প্রতিহত করা হবে। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনে বিভ্রান্তি সৃষ্টির জন্য নানা কৌশল গ্রহণ করছে।
তিনি আরও আহ্বান জানান, বিএনপির ভেতরে যেন কোনো বিভেদ তৈরি না হয় এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করেন।

