শ্রমিকদের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
মহান মে দিবস উপলক্ষে শুক্রবার পুরাতন পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শ্রমিক ও নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। বর্তমান পরিস্থিতিতে ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে এটি শুধু স্লোগান নয়, বাস্তবতা। একটি শ্রমিক হাসপাতাল প্রতিষ্ঠারও দাবি জানান তিনি।
সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিক আন্দোলনের ঐতিহাসিক চেতনা ধারণ করে ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।

