ভূমির মালিকানা কৃষকদের হাতেই রাখতে এবং ভূমি ব্যবস্থায় দখলদারিত্ব রোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
সোমবার (১৮ মে) সচিবালয়ে ভূমি সেবা মেলা উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতে জমি সংক্রান্ত মামলার জটিলতা এবং বিভিন্ন হয়রানির কারণে সাধারণ মানুষ নানা সমস্যার মুখে পড়েছে। এসব সমস্যা দূর করে ভূমি ব্যবস্থাপনাকে সহজ ও স্বচ্ছ করা হবে।
এ সময় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও জনসেবামুখী করতে কাজ চলছে। জনগণকে সচেতন করতে মঙ্গলবার থেকে ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, এখন থেকে সারাদেশে ৮৯৩টি সার্ভিস সেন্টারের মাধ্যমে ভূমি সেবা গ্রহণ করা যাবে।

