ধর্মভিত্তিক সংগঠনগুলোর সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সৃষ্ট সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
একইসঙ্গে কিছু শব্দগত সংশোধন এনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’ সংশোধন করা হয়েছে। এসব পরিবর্তন সংযুক্ত করে গত আগস্টে জারি করা মূল বিধিমালাটি পুনঃপ্রকাশ করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান সোমবার দুপুরে গণমাধ্যমকে জানান, “রোববার সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। আগের বিধিমালায় শিক্ষক পদ চারটি ক্যাটাগরিতে ভাগ করা হলেও সংশোধিত সংস্করণে রাখা হয়েছে দুটি। সংগীত ও শরীরচর্চা বিষয়ে সহকারী শিক্ষকের পদ নতুন বিধিমালায় নেই।”
পদ বাতিলের সিদ্ধান্ত ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপের ফল কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।”
এ ছাড়া, নিয়োগবিধির একটি শব্দগত পরিবর্তনের বিষয়েও তিনি জানান—আগের বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারী’ বলা থাকলেও, সেটি বিভ্রান্তিকর হওয়ায় এখন লেখা হয়েছে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারী’।

