তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগের কারণেই দেশ নতুন এক বাস্তবতায় পৌঁছেছে এবং ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। শহীদদের এই আত্মত্যাগের যথাযথ সম্মান নিশ্চিত করতে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
বুধবার (৫ আগস্ট) সকালে বরিশাল নগরীর আমতলা মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তবে তাঁদের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করে যাবে।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া দিবসটি ঘিরে বরিশালে আরও নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

