সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৩ বোতল (৮ দশমিক ৬২৫ লিটার) বিদেশি মদ ও একটি অটোরিকশাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের রাজঘাট-কালীঘাট সড়কের লাখাইছড়া চা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন,শ্রীমঙ্গলের বিটিআরআই এলাকার শরীফ হোসেনের ছেলে শাহরিয়ার সোহান (১৯) এবং কাকিয়াছড়া চা বাগান এলাকার শৈলান মোদির ছেলে বিশাল মোদি (১৮)।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজঘাট এলাকা থেকে একটি অটোরিকশাযোগে কয়েকজন ব্যক্তি বিদেশি মদ নিয়ে কালীঘাটের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৯,সিপিসি-২,শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল লাখাইছড়া চা বাগান এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে একটি নীল রঙের অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালকসহ দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অটোরিকশার পেছনে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা র্যাবকে জানান,তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাব-৯ জানায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের জন্য গ্রেপ্তার দুই যুবক ও জব্দকৃত আলামত শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

