ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানকে সামনে রেখে সারাদেশে ধারাবাহিক পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) সিলেটের ওসমানীনগরে দলের পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।
এনসিপি সূত্রে জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টায় উপজেলার গোয়ালাবাজারে একটি পথসভার আয়োজন করা হয়েছে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এবং প্রধান সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীর উপস্থিত থাকার কথা রয়েছে।
তবে গত ২৮ জুলাই হবিগঞ্জে ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে ওসমানীনগরের কর্মসূচিকে ঘিরে স্থানীয়ভাবে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ছে।
উপজেলা এনসিপির সদস্য সচিব মনিরুল সাকিব বলেন, “আমরা আশা করছি শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সম্পন্ন হবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ডিম নিক্ষেপের বিষয়ে পোস্ট দিচ্ছেন। আবার ছাত্রদলের কিছু নেতাকর্মী সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হলে ব্যবস্থা নেওয়ার বিষয়ে লেখালেখি করছেন।”
ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েব আহমদ বলেন, “আমরা একটি আদর্শ নিয়ে রাজনীতি করি এবং কাউকে আঘাত করিনি। আমরা গঠনমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাস করি। তবে কেউ যদি হিংসাত্মক বা উসকানিমূলক বক্তব্য দেন এবং তাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে। আমরা আশা করি এনসিপির নেতারাও দায়িত্বশীল বক্তব্য দেবেন এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।”
সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বলেন, “আমাদের নেতা তারেক রহমান ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনাকে নিয়ে কোনো উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে যুবদল তার কড়া জবাব দেবে।”
এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, “এনসিপির কর্মসূচিকে ঘিরে ওসমানীনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কর্মসূচি চলাকালে পুলিশের কড়া নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে।”

