ঢাকাই সিনেমার জনপ্রিয় ও বহুল আলোচিত নায়িকা পরীমনি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করেছেন এক নতুন রেকর্ড। দেশের শোবিজ অঙ্গনের পাশাপাশি সার্বিক বিনোদন ও ক্রীড়া অঙ্গনের সব তারকাকে পেছনে ফেলে ফেসবুক অনুসারীর (ফলোয়ার) তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই অভিনেত্রী।
দীর্ঘদিন ধরে ফেসবুক অনুসারীর দিক থেকে দেশে শীর্ষে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সম্প্রতি সাকিবকে ছাড়িয়ে এই অবস্থান নিজের দখলে নিয়েছেন পরীমনি।
সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজ বিশ্লেষণ করে দেখা যায়, পরীমনির বর্তমান অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। অন্যদিকে, অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখের ঘর অতিক্রম করেছে। অর্থাৎ, এই মুহূর্তে দেশের জনপ্রিয় দুই তারকার মধ্যে ফেসবুক অনুসারীর ব্যবধান গিয়ে দাঁড়িয়েছে প্রায় ১০ লাখে।
উল্লেখ্য, গত বছর পর্যন্ত দুই তারকার অনুসারী প্রায় সমানে-সমান থাকলেও সাম্প্রতিক সময়ে পরীমনির অনুসারী দ্রুত বৃদ্ধি পায়।
শুধু অনুসারীর সংখ্যাতেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরনেও দুই তারকার মাঝে স্পষ্ট পার্থক্য দেখা যায়। সাকিব আল হাসানের অফিশিয়াল পেজ থেকে মাত্র ছয়টি পেজ ফলো বা অনুসরণ করা হয়—যার মধ্যে রয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি, ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন এবং দুটি প্রতিষ্ঠান। অপরদিকে পরীমনির পেজ থেকে দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের মোট ১৬১টি পেজ অনুসরণ করা হয়।
প্রায় এক দশকের ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা ঘটনায় খবরের শিরোনামে থাকা পরীমনির এই নতুন রেকর্ড ঘিরে নেটিজেন ও অনুরাগীদের মাঝে নতুন করে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

