বেবি পাউডার ও অন্যান্য ট্যালকমজাত পণ্য ব্যবহারে ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি তৈরি হয়েছে—এমন অভিযোগে করা প্রায় ৭৬ হাজার মামলা নিষ্পত্তিতে ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে জনসন অ্যান্ড জনসন। সোমবার (২৭ জুলাই) প্রতিষ্ঠানটি এই সমঝোতার ঘোষণা দেয়।
এই চুক্তির আওতায় নিউজার্সির ফেডারেল ও বিভিন্ন রাজ্য আদালতে বিচারাধীন প্রায় সব দাবি অন্তর্ভুক্ত হবে। তবে চুক্তি কার্যকর করতে অন্তত ৯৫ শতাংশ আবেদনকারীর সম্মতি প্রয়োজন। জনসন অ্যান্ড জনসনের লিটিগেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস দাবি করেন, অভিযোগগুলো ভিত্তিহীন হলেও দীর্ঘ আইনি লড়াই শেষ করে ব্যবসায় মনোযোগ দিতেই তারা সমঝোতার সিদ্ধান্ত নিয়েছেন।
চুক্তি অনুযায়ী ২০২৭ সালে ৩ বিলিয়ন ডলার এবং ২০২৮ সালে বাকি অর্থ পরিশোধ করা হবে। তবে আবেদনকারীর সংখ্যার ওপর ভিত্তি করে মোট অর্থের পরিমাণ বেড়ে ৭ বিলিয়ন ডলার বা তারও বেশি হতে পারে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী ক্রিস সিগার।
জনসন অ্যান্ড জনসন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তাদের ট্যালকভিত্তিক পণ্য নিরাপদ এবং ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেস্টস মুক্ত। তবে ২০২০ সালেই তারা যুক্তরাষ্ট্র থেকে ট্যালকভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে কর্নস্টার্চভিত্তিক পণ্য চালু করে। এর আগে দেউলিয়া সুরক্ষার আবেদনের মাধ্যমে মামলা সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পুনরায় মামলাগুলো সচল হলে এই বড় সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ।
সূত্র: রয়টার্স

